নিজস্ব প্রতিবেদক // বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়নে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ভাই ও তার মা গুরুতর আহত হয়ে বর্তমানে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন দেওয়ানের দুই ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলছিল। বুধবার দুপুরে ওই বিরোধ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে জাকির হোসেনের ছেলে মাজহারুল ইসলাম টুকু (২৯) এবং তার মা মনোয়ারা বেগম (৫০) গুরুতর আহত হন।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ নিশ্চিত করেছে।
<p>প্রকাশক ও সম্পাদক : মো:রাকিবুল হাছান(ফয়সাল রাকিব)</p>
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad. All rights reserved.