
রাসেল কবির // বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ–হিজলা–কাজিরহাট) আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু সাঈদ মুসা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে কাজিরহাট থানা প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় আবু সাঈদ মুসা বলেন, নির্বাচিত হলে মেহেন্দিগঞ্জ, হিজলা ও কাজিরহাটকে সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলবেন। সাধারণ গরিব-দুঃখী ও মেহনতি মানুষের পাশে সবসময় থাকার অঙ্গীকার করেন তিনি। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যাশার কথাও জানান।
তিনি বলেন, মেহেন্দিগঞ্জ একটি নদীভাঙন কবলিত এলাকা। নির্বাচিত হলে নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি এলাকার অসমাপ্ত রাস্তাঘাটসহ জনসাধারণের সুবিধার্থে উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হবে। জেলেদের জন্য সহায়তা ও সহযোগিতার ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি।
মতবিনিময় সভায় আবু সাঈদ মুসা আরও অভিযোগ করেন, তাকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে একের পর এক হুমকি দেওয়া হচ্ছে। এমনকি হত্যার হুমকিও দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, গত এক সপ্তাহে তাকে অন্তত ৮ বার হুমকি দেওয়া হয়েছে।
এসময় তিনি জানান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইতোমধ্যে সারাদেশে ১২৫টি আসনে প্রার্থী নির্ধারণ করেছে এবং দলটি এককভাবেই নির্বাচনী মাঠে থাকবে।
মতবিনিময় সভায় কাজিরহাট থানা প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply