
মোঃ জুনায়েত হোসেন, লতা ইউনিয়ন প্রতিনিধি // আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ–হিজলা–কাজীরহাট) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বরিশাল জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেছেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই।
শনিবার (তারিখ উল্লেখযোগ্য) কাজীরহাট থানার উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী প্রস্তুতি সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মাওলানা আবদুল জব্বার বলেন, জামায়াতে ইসলামী কখনো মানুষের ক্ষতি করে না, বরং জনগণের কল্যাণে কাজ করে। অতীতেও জামায়াত সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কোনো সম্পদের অভাব নয়, বরং দুর্নীতি। সরকার থেকে গরিব মানুষের জন্য পর্যাপ্ত বরাদ্দ আসলেও দুর্নীতির কারণে সেই সুফল সাধারণ মানুষ পায় না। রাস্তাঘাট নির্মাণ, নদীর বাঁধ, সেতু—সবখানেই আজ দুর্নীতির মহোৎসব চলছে বলে মন্তব্য করেন তিনি।
জামায়াতের এই নেতা আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্নীতির সঙ্গে কোনো আপস করে না। রাষ্ট্রীয় সম্পদকে জনগণের আমানত হিসেবে বিবেচনা করে তা সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়াই জামায়াতের লক্ষ্য। ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠাই জামায়াতে ইসলামীর মূল উদ্দেশ্য।
সভা শেষে তিনি নেতা-কর্মী ও সাধারণ জনগণের প্রতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানান। এ সময় কাজীরহাট থানার স্থানীয় জামায়াত নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply