নিউজ ডেস্ক ।।
বরিশালের চরমোনাই এলাকায় বার্ষিক মাহফিলে যোগ দিতে যাওয়া যাত্রীবাহী একটি রিজার্ভ লঞ্চ ‘মানিক-৪’ ডুবির ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে মুন্সিগঞ্জ থেকে বরিশালের চরমোনাইয়ের উদ্দেশে ছেড়ে আসে লঞ্চটি। ভোর রাতে যাত্রী নামিয়ে দিয়ে ঘাটে অবস্থান করছিল মানিক-০৪। পরবর্তীতে ভাটার কারণে নদীর পানি কমে গেলে লঞ্চের পেছনের অংশ হেলে পড়ে এবং দুপুরের দিকে লঞ্চটি ডুবে যায়।
লঞ্চ সংশ্লিষ্ট ও প্রত্যক্ষদর্শীরা জানান, লঞ্চটি যথাযথভাবে বেঁধে রাখা হয়নি। ফলে পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ভারসাম্য হারিয়ে ফেলে। এ ঘটনায় কোনো যাত্রী বা লঞ্চের কর্মচারী ভেতরে না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে লঞ্চের ভেতরে থাকা মুসল্লিদের কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়।
চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ জানান, লঞ্চটি যাত্রী নামানোর পর ঘাটে খালি অবস্থায় ছিল। ভাটার কারণে পানি কমে যাওয়ায় এটি হেলে পড়ে ডুবে যায়। এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
বরিশাল নদীবন্দর কর্মকর্তা মো. আসাদুজ্জামান বরিশালটাইমসকে জানান, লঞ্চডুবির ঘটনায় এখনও কোনো হতাহত বা নিখোঁজের তথ্য নেই। মালিকের আবেদনের প্রেক্ষিতে নদী থেকে লঞ্চ উদ্ধার শুরু হবে।’
<p>প্রকাশক ও সম্পাদক : মো:রাকিবুল হাছান(ফয়সাল রাকিব)</p>
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad. All rights reserved.