বার্তা পরিবেশক কাজিরহাট : কাজীরহাট থানাধীন ২ নম্বর লতা ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ৯ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য (মেম্বার) প্রার্থী মো. সবুজ মাঝিকে ঘিরে নির্বাচনী আলোচনা ও প্রচার-প্রচারণা শুরু হয়েছে।
উদয়পুর, চর উদয়পুর ও চর সন্তোষপুর গ্রামের ভোটারদের মধ্যে তাকে নিয়ে চলছে নানা আলোচনা। স্থানীয় সাধারণ ভোটারদের অনেকেই মনে করছেন, আসন্ন নির্বাচনে মো. সবুজ মাঝি একজন যোগ্য প্রার্থী। বিশেষ করে গরিব, অসহায়, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের পাশে থাকার প্রত্যাশা থেকে তাকে সমর্থনের কথা জানাচ্ছেন অনেকে।
স্থানীয়দের ভাষ্য, সবুজ মাঝি এর আগে নির্বাচিত ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য হিসেবেও তিনবার দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।
এ বিষয়ে মেম্বার প্রার্থী মো. সবুজ মাঝি বলেন, ‘এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়েই আমি এগিয়ে যেতে চাই। আমাকে তিনবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য এবং একবার জনগণের ভোটে ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত করেছেন। ৯ নম্বর ওয়ার্ডের সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করেছি। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করে যেতে চাই।’
তিনি আরও বলেন, জনগণ যদি আগামী নির্বাচনে আমাকে পুনরায় ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে অতীতের মতোই এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকব।
সব মিলিয়ে আসন্ন লতা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ৯ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য প্রার্থী মো. সবুজ মাঝিকে নিয়ে ভোটারদের মধ্যে আগাম আলোচনা শুরু হয়েছে। তবে শেষ পর্যন্ত ভোটের মাঠে জনসমর্থনের প্রতিফলন কতটা ঘটে, তা জানতে অপেক্ষা করতে হবে নির্বাচনের দিন পর্যন্ত।
<p>প্রকাশক ও সম্পাদক : মো:রাকিবুল হাছান(ফয়সাল রাকিব)</p>
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad. All rights reserved.