রাসেল কবির : মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাটে মিলি (১৫) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার ১ নম্বর আন্দারমানিক ইউনিয়নের পূর্বভঙ্গা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মিলি ওই এলাকার প্রবাসী রবিন ওরফে রুহুল আমিন হাওলাদারের মেয়ে। সে স্থানীয় আন্দারমানিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, শুক্রবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে পড়াশোনা নিয়ে মিলিকে শাসন করেন তার মা মোকছেনুর বেগম। এ ঘটনার পর মায়ের ওপর অভিমান করে রাতের খাবার না খেয়েই নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে সে। মেয়েটি ঘুমিয়ে পড়েছে মনে করে রাতে আর তাকে খাবার খাওয়ার জন্য ডাকেননি মা।
পরদিন শনিবার সকাল আনুমানিক ৭টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য মেয়েকে ডাকতে তার কক্ষে যান মোকছেনুর বেগম। কিন্তু ঘরের দরজা ভেতর থেকে বন্ধ পান তিনি। পরে ডাকাডাকি ও চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। একপর্যায়ে জানালার কাচ ভেঙে ভেতরে তাকালে জানালার গ্রিলের পাশে ওড়না পেঁচানো অবস্থায় মিলির ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা।
মিলির মা মোকছেনুর বেগমের ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাত ১০টা থেকে শনিবার সকাল ৭টার মধ্যে পরিবারের সদস্যদের অজান্তে এ ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে কাজিরহাট থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় নিহতের ফুপু বাদী হয়ে কাজিরহাট থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
এদিকে, স্কুলছাত্রী মিলির এমন মৃত্যুতে এলাকায় শোকের পাশাপাশি নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে কৌতূহল ও সন্দেহ দেখা দিয়েছে। তাদের দাবি, ঘটনার পেছনের প্রকৃত কারণ জানতে নিরপেক্ষ ও যথাযথ তদন্ত প্রয়োজন। তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
<p>প্রকাশক ও সম্পাদক : মো:রাকিবুল হাছান(ফয়সাল রাকিব)</p>
Copyright © 2026 মেহেন্দিগঞ্জ সংবাদ।। Mehendiganj Sangbad. All rights reserved.