
মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট-উলানিয়া সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। মঙ্গলবার (১২ মে) সকালে তিনি পায়ে হেঁটে সড়কের চলমান কাজের গুণগত মান পর্যবেক্ষণ করেন।
গত কয়েক দিন ধরে পাতারহাট-উলানিয়া সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ তুলে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে এলে তিনি নিজ নির্বাচনী এলাকায় এসেই সরজমিন পরিদর্শনে যান এবং কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কড়া নির্দেশনা দেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ঠিকাদার ও প্রকৌশলীদের উদ্দেশে বলেন, “কাজের মানে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। কোনো অনিয়ম প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” জনগণের টাকার অপচয় রোধে কাজের সর্বোচ্চ গুণগত মান বজায় রাখার নির্দেশ দেন তিনি।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজুর রহমান, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম রাকিব, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মিরাজ হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান হাবীব।
এছাড়াও মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিন উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহমেদ সেলিমসহ স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং নির্মাণকাজের ঠিকাদার উপস্থিত ছিলেন।
সড়কটির নির্মাণ কাজ দ্রুত ও মানসম্মতভাবে শেষ করতে প্রতিমন্ত্রী স্থানীয় প্রশাসনকে নিয়মিত তদারকির নির্দেশ দিয়েছেন।
Leave a Reply