
রাসেল কবির : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রকাশ্যে দাঁড়িয়ে এক যুবকের প্রস্রাব করার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় হাসপাতালের পরিচ্ছন্নতা ও প্রশাসনিক তদারকি নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, হাসপাতালের ভেতরে প্রকাশ্য স্থানে দাঁড়িয়ে প্রস্রাব করছেন এক যুবক। অথচ হাসপাতালে রোগী ও স্বজনদের ব্যবহারের জন্য একাধিক শৌচাগার ও প্রস্রাবখানা রয়েছে। এরপরও কেন ওই যুবক প্রকাশ্যে এমন কাজ করেছেন, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
প্রতিদিন বরিশালসহ আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজারো রোগী চিকিৎসাসেবা নিতে এ হাসপাতালে আসেন। এমন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসাপ্রতিষ্ঠানের ভেতরে প্রকাশ্যে এ ধরনের কর্মকাণ্ড হাসপাতালের পরিবেশ ও পরিচ্ছন্নতা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।
সচেতন মহলের প্রশ্ন, হাসপাতালের ভেতরে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি থাকা সত্ত্বেও কীভাবে এমন ঘটনা ঘটছে? হাসপাতালের পরিচ্ছন্নতা রক্ষায় নিয়োজিত কর্মীদের দায়িত্ব ও তদারকি নিয়েও প্রশ্ন উঠেছে।
এদিকে সচেতন মহলের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবির সূত্র ধরে ওই যুবককে শনাক্ত করে ঘটনার সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক। পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখতে কর্তৃপক্ষের নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।
তাদের আশঙ্কা, এ ধরনের অনিয়মের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে অন্যরাও এমন কর্মকাণ্ডে উৎসাহিত হতে পারেন, যা হাসপাতালের স্বাস্থ্যসম্মত পরিবেশের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।
Leave a Reply