
নিজস্ব প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জ উপজেলার বদরপুর গ্রামের কৃতি সন্তান শওকত হাসান লিমন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। এ অর্জনে পরিবার, শিক্ষক ও এলাকাবাসীর মাঝে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
শওকত হাসান লিমন মেহেন্দিগঞ্জ পৌরসভার বদরপুর গ্রামের বেপারী বাড়ির সন্তান। তার বাবা শহীদ বেপারী ও মা মাহমুদা বেগম। চার ভাই ও এক বোনের মধ্যে তিনি তৃতীয়।
ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিলেন লিমন। তিনি বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে উপজেলার ঐতিহ্যবাহী সরকারি পাতারহাট মুসলিম মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হন। ২০১০ সালের জেএসসি পরীক্ষায় তিনি বিদ্যালয়ের একমাত্র এ প্লাসপ্রাপ্ত শিক্ষার্থী হিসেবে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন। এরপর ২০১৩ সালে জিপিএ-৫ পেয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন।
পরবর্তীতে তিনি দেশের স্বনামধন্য নটরডেম কলেজে উচ্চমাধ্যমিকে ভর্তি হন এবং সাফল্যের সঙ্গে এইচএসসি সম্পন্ন করেন। উচ্চশিক্ষায় তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি প্রথম শ্রেণিতে অর্জন করেন।
শিক্ষাজীবন শেষ করে তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। পাশাপাশি আইন পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করতে কাজ চালিয়ে যান।
দুই বছর আগে বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষায় অংশ নিয়ে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হিসেবে চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হন। সর্বশেষ তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছেন।
লিমনের এ সাফল্যে মেহেন্দিগঞ্জবাসী গর্ব প্রকাশ করেছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
Leave a Reply